৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোটগণনা করা যাবে না, পরিপত্র জারি

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬

অনলাইন নিউজ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় কঠোর ও স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের স্বচ্ছতা, শৃঙ্খলা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে ভোটকেন্দ্র পরিচালনা, ব্যালট ব্যবস্থাপনা, ভোটকক্ষের কাঠামোসহ একাধিক সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।

নির্দেশনায় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ভোটকেন্দ্রের বাইরে ভোট গণনা করা যাবে না। ভোট গ্রহণ শেষে ব্যালট গণনার পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেই সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ইঙ্গিতও দেয়া হয়েছে।

ইসি স্পষ্টভাবে জানিয়েছে, একই ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না। এতে ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছে কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণ অবশ্যই নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় শুরু করতে হবে। কোনো কারণেই ভোটগ্রহণ শুরু করতে বিলম্ব করা যাবে না। নির্ধারিত সময় লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে দায়ী করা হবে।

ভোটারদের নির্বিঘ্ন ও গোপনভাবে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ভোটকক্ষের সঙ্গে যতদূর সম্ভব দুটি গোপনকক্ষ (মার্কিং প্লেস) স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে অতিরিক্ত গোপনকক্ষ স্থাপন করা সম্ভব নয়, সেখানে বিকল্প হিসেবে অতিরিক্ত ভোটকক্ষ স্থাপন করে ভোটগ্রহণ পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী কিংবা তার সমর্থকদের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না- এই নির্দেশনাও পুনর্ব্যক্ত করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এসব নির্দেশনা নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

330 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন