১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার, ফেসবুকে আবেগঘন পোস্ট সাদ্দাম মালের

আপডেট: আগস্ট ১৫, ২০২৬

বরিশাল পোস্ট ডেস্ক : ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাসার ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকা রিধিকে দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রিধিকা রিধি শোবিজ অঙ্গনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। বরিশাল অঞ্চলের জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি ও প্রশংসা অর্জন করেন তিনি।

এদিকে রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেতা সাদ্দাম মাল। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “কি এমন অভিমান ছিলো জানি না, কি কারণে চলে গেলি তাও জানি না। আমার অভিনয় জগতে তুই অন্যান্য ছিলি এটাই সত্য। (পৃথিবীর মায়া ছেড়ে গেছে)।”

রিধিকার মৃত্যুতে তার সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

30 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন