২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

আপডেট: অক্টোবর ২১, ২০২৬

অনলঅইন নিউজঃ সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি নিহতের পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ধর্মমন্ত্রী।

বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশের মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা এবং ওই ওমরাহ কাফেলার দলনেতা ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার খবর পাওয়ার পরপরই ধর্মমন্ত্রী ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন তিনি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালেও সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর নেন মন্ত্রী। হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে গেলে তার ব্যক্তিগত উদ্যোগে আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটের বদরপুরে তার বাড়িতে যায়। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন