অনলাইন নিউজঃ পহেলা ভাদ্রের হাত ধরে ক্যালেন্ডারের পাতায় এসেছে শরৎ। তবে ঋতু বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় দেখা মিলছে রোদ আর মেঘের বৈচিত্র্যময় খেলা।
রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ বৃষ্টি ও রোদের দেখা মিললেও দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় মেঘের ঘনত্ব বেশি থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।
বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড জানিয়েছে এসব তথ্য।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকা মোটামুটি উত্তাল থাকায় তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ উপকূলীয় এলাকা ও দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার এবং বান্দরবানের দক্ষিণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
বর্তমানে দেশে কোনো সক্রিয় বৃষ্টি বলয় নেই। ১৬ থেকে ১৮ আগস্ট দেশের দক্ষিণে বর্ষণ হলেও সার্বিক পরিমাণের তুলনায় কম হওয়ায় নতুন করে কোনো বৃষ্টি বলয় ঘোষণা করা হচ্ছে না। তবে বৃষ্টি শুরুর সময়ে কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে।
এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে মাঝারি মাত্রার বজ্রপাতের শঙ্কা রয়েছে, তাই মেঘের গর্জন শুনলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে দেশের উত্তরাঞ্চলে কিছুটা গরম অনুভূত হলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক স্থানে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মৃদু তাপপ্রবাহের রূপ নিতে পারে। বর্ষণ বিরতির সময়ে আর্দ্রতার কারণে কিছু এলাকায় ভ্যাপসা গরম মিললেও দেশের দক্ষিণাঞ্চলে এ অস্বস্তি কিছুটা কম থাকবে।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।